রাজনৈতিক সাংবাদিকের জীবনে বহু দেশনেতা, তুখোড় কূটনীতিবিদ, আন্তর্জাতিক স্তরে খ্যাতিমান রাষ্ট্রনেতাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আসে। তাঁদের সঙ্গে সেই সংবাদদাতার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠাও বিচিত্র নয়। এমনও হতে পারে, তাঁর জীবনে সেই চেনা মুখের মিছিল অন্তহীন। বিশিষ্ট সাংবাদিক শংকর ঘোষ আজ প্রবীণ। তিনি যখন ফেলে আসা-অতীতের দিকে তাকান, তখন ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। এই গ্রন্থের কালসীমা ১৯৪৬ থেকে ১৯৫১। আমাদের দেশের ইতিহাসে এই বিশেষ সময়পর্ব চিহ্নিত হয়ে আছে ইংরেজের বিদায়ে, দেশবিভাগের সুদূরপ্রসারী যন্ত্রণায় এবং স্বাধীনতার উৎসবে। নেহরুনীতির স্বর্ণযুগের পদধ্বনি শোনা গিয়েছিল এই পর্বেই। প্রবীণ সাংবাদিকের বিশ্লেষণী বীক্ষণে নড়েচড়ে উঠেছে অর্ধশত বছর আগেকার সেই অতীত। আবার রাজনৈতিক পালাবদলের অন্তরালে যে-পাঞ্জালড়াই চলে, তার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকেন রাজনৈতিক সংবাদদাতা। এই লেখকও তার ব্যতিক্রম নন। জানার অন্তরালে যে-অজানা রহস্যলোক, রাজনীতির গোলকধাঁধা অসুস্থ এবং আপাত অবিশ্বাস্য ‘পলিটিক্স’ তাকে উন্মোচিত করেছেন লেখক। সমগ্র ভারতীয় রাজনীতি প্রেক্ষাপট হলেও, এই লেখায় প্রাধান্য পেয়েছে বাংলা ও বাঙালি। নানা বিষয়ের অনুপুঙ্খ আলোচনায় এবং মূল্যায়নে লেখক নিজস্ব অভিমতে স্থিরপ্রত্যয়ী। এই রচনা তাঁর সমগ্র জীবনের, রাজনৈতিক জ্ঞানের সঞ্চয় থেকে গড়ে ওঠা এক সুদীর্ঘ ইতিহাস-অনুসন্ধান।
Reviews
Clear filtersThere are no reviews yet.