Posts

অঞ্জলিদান – অভীক সরকার

কাল মহাঅষ্টমী। এইদিন দেবীকে অঞ্জলিদানে তুষ্ট করলে মহাপুন্য হয় বলে ভক্তিমান হিন্দুদের বিশ্বাস। কাল সকাল থেকেই তাই ফেসবুক ভরে যাবে দেবীর অঞ্জলিমন্ত্রে….
এইদিন আবার অনেক শখের সাঁওস্কিতিক বিপ্লবীদের মনের মধ্যে নিরুদ্ধ পিরিয়ডবাসা ঘাই মেরে ওঠে। ওঠে ঠিক এই এখন আর সরস্বতীপুজোর।। যেমন ধরুন পিরিয়ড হলে অঞ্জলি দেয়া যাবে না কেন, পিরিয়ডবিদ্বেষী রিগ্রেসিভ হিন্দুধর্ম তফাত যাও, দূর হঠো, ইত্যাদি প্রভৃতি। আমার অভিজ্ঞতা বলে এই সময়ে দিন দেড়েক মত এইসব ফুটেজকুড়োনো নর্তনকুর্দন চলে। সিজনাল ফীভারের মত নিউজফীড ভরে যায় স্টেইনড স্যানিটারি ন্যাপকিনের সুনান্দনিক ছবিতে।
এখানে আমার একটাই বক্তব্য, যদি কোনও মেনস্ট্রুয়েটিং মহিলা পুজো /অঞ্জলি দিতে আসেন, তাহলে তিনি সেটা নিজে না জানানো পর্যন্ত পুরোহিতের পক্ষে জানা সম্ভবই নয় যে মহিলার পিরিয়ড চলছে। ফলে ব্রাহ্মণ্যবাদী হিন্দু পুরোহিত কোনও এক অজানা দৈবশক্তিতে বলীয়ান হয়ে কোনও মহিলার পিরিয়ডাবস্থা জেনে নিয়ে তাকে অঞ্জলি দিতে নিষেধ করছেন, এর থেকে বেশি হাস্যকর কষ্টকল্পনা আর কিছুতে হয় না।
আমার অভিজ্ঞতা বলে পিরিয়ড হলে মহিলারা নিজেরাই নিজেদের অশুচিজ্ঞান করেন এবং অঞ্জলি দিতে বা পূজাদিকর্মে অংশগ্রহণ করতে সংকোচ বোধ করেন। কোনও পুরোহিতই কাউকে ‘এই তোমার পিরিয়ড হয়েছে, তুমি পুজো দিও না’ মর্মে বারণ করেন না। কারণ তাঁর সেটা জানার কথাই নয়। কেই বা stained কাপড় পরে অঞ্জলি দিতে আসে বলুন?
ফলে এই “পিরিয়ড হয়েছে বলে অষ্টমীর অঞ্জলির দিতে বাধাপ্রাপ্ত হলাম, ফোড় ডালো ইয়ে সমাজ কো” ছাপ সস্তার ফুটেজবাসা দেখলেই ফুটেজপ্রেমীদের মুখে স্লাইট থাবড়াবাসা জানিয়ে আসবেন প্লিজ। ন্যাকামিসঙ্গমের একটা লিমিট থাকা উচিত। আর আমি আমার একটা বিশ্বাসের কথা বলি। অনেক দিন হল হিন্দুধর্মের ইতিহাস, তন্ত্রের ইতিহাস, হিন্দুস্মৃতি ইত্যাদি নিয়ে পড়ছি। সেই হিসেবে যৎসামান্য হলেও এই বিষয়ে আমার মতামত দেওয়ার অধিকার আছে বলে মনে করি। তাই বলছি, পিরিয়ড হলে পুজো বা অঞ্জলি দেওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভুল কথা। মেনস্ট্রুয়েশন নারীজীবনের অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এতে শুচি অশুচির কোনও ব্যাপারই নেই। মা বোনেরা পিরিয়ডের সময়ে গুচ্ছের কাজ করছেন, দেশ দুনিয়া সামলাচ্ছেন, আর পুজো দিতে পারবেন না? তাও আবার মাতৃপূজায়? যে মাতৃদেবীর মেনস্ট্রুয়েশনকে আমরা অম্বুবাচী বলে সেলিব্রেট করি? হোয়াট দ্য হেল লেডিজ? পিরিয়ড হোক বা না হোক, বিন্দাস পুজোয় অংশ নিন, অঞ্জলি দিন।
আমি বলছি কিচ্ছু হবে না৷ মায়ের পুজোয় সব পবিত্র, সব উপাস্য, সব শুচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *